
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে হামলা, ভাঙচুর এবং জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রবাস ফেরত জামাল উদ্দিন নান্নুর পরিবার দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানির শিকার হয়ে আসছে।
পরিবারের দাবি, স্থানীয় ১ নং ওয়ার্ড বিএনপি নেতা মোস্তফা মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছেন এবং তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মোস্তফা মিয়া দীর্ঘদিন আগে তাদের চার শতাংশ জমি জোরপূর্বক দখল করে সেখানে ঘরবাড়ি নির্মাণ করেন। পরে সেই জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্যও চাপ প্রয়োগ করা হয়। এতে রাজি না হওয়ায় একাধিকবার হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। পরিবারটির অভিযোগ, গত ৯ জুন সন্ধ্যায় মোস্তফা মিয়া, তাঁর ছেলে সায়েম এবং কুহিনূর বেগমসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান।
এ সময় প্রতিবাদ করতে গেলে জামাল উদ্দিন নান্নুর নাতি আবরার রহমান রামিম আহত হন। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত রামিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে ঘটনার পরও পরিবারটির ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ফলে তারা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।




