পুরানবাজারে কিশোর গ্যাং ও মাদকবিরোধী আলোচনা সভা

মহসিন হোসাইন: আসুন সবাই শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার পুরানবাজারে কিশোর গ্যাং ও মাদকবিরোধী এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১১ জুন) বিকেল ৫টায় চাঁদপুর পুরাণ বাজার নতুন চৌরাস্তা মোড় এ সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আমরা শুধু কথা বলতে আসিনি, কাজ করে দেখাতে এসেছি। আমাদের লক্ষ্য চাঁদপুর জেলাকে একটি মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে। অযথা গভীর রাতে বাইরে ঘোরাঘুরি করতে না দেওয়া, তাদের চলাফেরার ওপর নজর রাখা এবং সঠিক দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, এলাকাবাসী যদি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। তিনি কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফরিদ আহমেদ বেপারী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের তাছির বেপারী, ১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি এবং পুরানবাজার ওসমানিয়া জামে মসজিদের খতিব মাওলানা আলী আহমেদ।

বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে তারা পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন। এলাকায় কেউ মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ারও অঙ্গীকার করেন তারা।
সভায় উপস্থিত ছিলেন পুরানবাজার ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, বিট পুলিশিং কমিউনিটির সদস্য, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ চাঁদ মিয়া। সভা শুরুর আগে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

মাদক ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ সমাজ গঠনে পুলিশ-জনতার সম্মিলিত উদ্যোগই ছিল পুরো আলোচনা সভার মূল প্রতিপাদ্য। তবে, মাদকের বিরুদ্ধে এধরনের সভা অব্যাহত থাকবে বলে জানান পুলিশ কতৃপক্ষ।

সম্পর্কিত খবর