
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো. মাইনুল ইসলাম (মমিন প্রধানীয়া) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১০ জুন ২০২৬) ভোররাত ৩টা ৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তানসহ বহু আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁদপুরের অন্যতম সেরা করদাতা কক্সবাজার গ্যালাক্সি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো : মনিরুল ইসলামের বড় ভাই ছিলেন।
মরহুমের নামাজে জানাজা বুধবার বাদ জোহর মরহুমের নিজ বাড়ির মসজিদের সামনে অনুষ্ঠিত হ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আলহাজ্ব মাইনুল ইসলাম মমিন প্রধানীয়া বাবুরহাট অঞ্চলের একজন সৎ, আন্তরিক, বিনয়ী ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
তিনি বাবুরহাট বাজারের বিশিষ্ট পাইকারি মুদি ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স স্মৃতি ট্রেডার্স (সিটি)’-এর প্রোপ্রাইটর ছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তার আকস্মিক মৃত্যুতে বাবুরহাটসহ সমগ্র চাঁদপুর জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
শোক প্রকাশ :
চাঁদপুরের অন্যতম সেরা করদাতা কক্সবাজার গ্যালাক্সি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো : মনিরুল ইসলামের বড় ভাই বাবুরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাইনুল ইসলাম মমিনের ইন্তেকালে শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।



