
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পরিচিত মুখ, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের পুত্রতুল্য, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং স্ট্র্যান্ড রোডের সাবেক রতন স্টোরের মালিকের ছেলে লিটন সাহা অকালে পরপারে চলে গেছেন।
মঙ্গলবার (২ জুন ২০২৬) দুপুরে নিজ বাসায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি অবিবাহিত ছিলেন। লিটন সাহার মৃত্যুতে শহরে গভীর শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা। এক শোকবার্তায় ঐক্য পরিষদের পক্ষে তারা জানান, লিটন ছেলে হিসেবে খুুবই সাংগঠনিক ছিলো। সে হিন্দু সমাজের উন্নতির জন্য নিরবে নিভৃতে কাজ করতো। হৃদরোগজনিত কারনে লিটনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে লিটন সাহার শবদেহ শহরের পুরানবাজার হরিসভা ও শহরের কালী বাড়ী মন্দিরে আনা হলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
চাঁদপুর পৌর মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।



