
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এবং ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শনিবার (২৩ মে ২০২৬ খ্রিঃ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন চাঁদপুর-৩ মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৯৮টি পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দুটি গ্রুপে ৩টি করে মোট ৬টি শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহসহ জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



