
চাঁদপুর খবর রিপোর্ট : শরিয়তপুর ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ঘটে যাওয়া ন্যক্কারজনক হামলার ঘটনায় ড্যাব চাঁদপুর জেলা শাখা গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জনিয়েছেন।
গত ১৭মে রাতে দুই দিনের বুকব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে একজন রোগী শরিয়তপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। কর্তব্যরত চিকিৎসকগণ রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন দেখতে পান। রোগীর রক্তচাপ ছিল মাত্র ৬০/৪০।
রোগীর আত্মীয়স্বজনকে বিষয়টি বিস্তারিতভাবে অবহিত করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করা হয়। কিন্তু রোগীর স্বজনরা ঢাকায় নিতে অপারগতা প্রকাশ করেন এবং রিস্ক বন্ডে স্বাক্ষর করে রোগীকে সিসিইউতে ভর্তি রাখেন।
দুর্ভাগ্যজনকভাবে, রাতেই রোগী মৃত্যুবরণ করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাতেই প্রায় ১০০-১৫০ জন লোক শরিয়তপুর সদর হাসপাতালে জড়ো হয়ে ইমার্জেন্সিতে কর্তব্যরত ৪৮তম বিসিএস কর্মকর্তা ডা. নাসিরের উপর বর্বর হামলা চালায়। হামলায় ডা. নাসির গুরুতর আহত হন।
বর্তমানে তার মাথার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কোনো হেমোরেজ পাওয়া যায়নি, তবে তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। তাকে দ্রুত শরিয়তপুর থেকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে তার জন্য ওটি প্রস্তুত রাখা হয়েছে এবং আইসিইউতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ( প্রতিমন্ত্রী পদ-মর্যাদায়) , স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলেই অবগত রয়েছেন।
বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সার্বক্ষণিকভাবে বিষয়টি মনিটর করছেন এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এছাড়াও বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশনের সভাপতি শরিয়তপুরের সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
ভুক্তভোগী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চিকিৎসকদের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করবে বলে দৃঢ়ভাবে জানিয়ে দিচ্ছে।
অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন ড্যাব চাঁদপুর জেলা শাখা ।
ডা. নাসিরের দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করছে।



