
হাজীগঞ্জ প্রতিনিধি : শনিবার (২ মে ২০২৬) মধ্যাহ্নে হাজীগঞ্জে অজ্ঞাত ব্যক্তি (৬০)-এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পিছমোড়া করে হাত-পা ও মুখে স্কচ টেপে বাঁধা ছিলো লাশটির।
হাজীগঞ্জ পৌর এলকার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ির সামনের সড়কের পাশে ঝোঁপের মধ্যে লাশের সন্ধান পান স্থানীয়রা। সংবাদ লিখার সময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশের সুরতহাল তৈরি করার কাজ করছিলো।
ঘটনাস্থলে রয়েছেন হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা ও থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান। স্থানীয় মুন্সী বাড়ির মঞ্জুজু মুন্সী জানান, সকালে আমরা লোকমুখে শুনে বাড়ির সামনে গিয়ে দেখি ঝোঁপের মধ্যে একজন পড়ে রয়েছে, যার হাত-পা মুখ স্কচ টেপে প্যাঁচানো ছিলো।
এর পরেই আমি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ আসে। আমার দেখামতে লোকটি আমাদের এ দিকের কেউ না। আমরা ধারণা করি, অন্য কোনো স্থান থেকে লোকটিকে মেরে এখানে এনে ফেলা হয়েছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, রাস্তার পাশ্বে হাত-পা বাঁধা মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশের পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে। পিবিআই আসছে, ফিঙ্গার প্রিন্টসহ অন্যান্য পরীক্ষা করা শেষে ময়নাতদন্তে পাঠানো হবে।




