
সমির ভট্রাচার্য্য : রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে এক যাত্রীর চুরি হওয়া রিয়ালসহ হাবিবুর রহমান ও নাদিম নামে ২ জনকে গ্রেফতার করেছে চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ।
গত শুক্রবার (১ মে) তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় পরিচালিত যৌথ অভিযানে চুরি হওয়া অর্থের বড় একটি অংশও উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ এপ্রিল আশকোনা হজ ক্যাম্পে এক হজযাত্রীর কাছ থেকে প্রায় ২২ হাজার সৌদি রিয়াল (প্রায় ৮ লাখ টাকা) চুরি করে একটি সংঘবদ্ধ চক্র।
তদন্তের ধারাবাহিকতায় সিটি এসবি’র তথ্যপ্রযুক্তি সহায়তায় মতলব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব। তার সঙ্গে ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক, এসআই জীবন, এসআই দেলোয়ার, এসআই সুজিত চন্দ্র দে, এসআই সাকিব এবং কনস্টেবল তুষার’সহ একটি অভিযানিক দল।
রেডিও লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে হাবিবুর রহমানকে অনুসরণ করে মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে ডেমরা অতিক্রম করে খিলক্ষেত এলাকায় পৌঁছে বিশেষ পুলিশ সুপার (সিটি এসবি উত্তর) মো. রেজাউল করিমের টিমের সঙ্গে যৌথ অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে হাবিবুর রহমানকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে নাদিমকে আটক করা হয়।
পরবর্তীতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৫০০ রিয়ালের ৩৫টি নোটসহ মোট ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এছাড়া, চুরি হওয়া অর্থের একটি অংশ ভাঙিয়ে নেওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।



