
মহসিন হোসাইন : চাঁদপুর স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধনী গতকাল শনিবার (২ মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, আমরা চাই বছরজুড়ে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। ফলে তাদের মেধা ও মননের সংস্কার হবে।
তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে আমাদের তুলে ধরবে এই বিশ্বাস আমাদের রয়েছে। আগামী দিনে চাঁদপুরের সন্তানরা খেলাধুলায় এগিয়ে থাকবে সেই প্রত্যাশা রইল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি কালসারের মাধ্যমে এভাবে সারা দেশে অনুষ্ঠান শুরু করেছিলেন। সেখান থেকে অনেক প্রতিভা বের হয়ে আসছিল। আজকে তারই জ্যেষ্ঠপুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারা দেশে মেধাবিদের খুঁজে বেড়াচ্ছেন। বিশ্বের খেলাধুলার ন্যায্যহিস্যা আমরা পাইনি। সে জায়গায় যেন আগামী দিনে আমাদের হিস্যা বুঝে পাই, আমাদের সন্তানরা যাতে বিশ্বের মানের খেলাধুলায় অংশ নিতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে তিনি এই অনুষ্ঠান শুরু করেছেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখেছি যে বিগত দিনে সামাজিকভাবে আমাদের তরুণ প্রজন্মের অবক্ষয় ঘটেছিল। তারা মাদকাসক্ত হয়েছিল। ফেসিস্ট সরকার এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার চাচ্ছেন- শিক্ষার্থীরা যেনো আনন্দময় পরিবেশে শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠে। সে লক্ষ্যেই নতুন কুঁড়ি স্পোর্টস চালু করা হয়েছে।
এহছানুল হক মিলন আরও বলেন, শিক্ষামন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক, মাধ্যমকি, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। খেলাধুলার এই ধারা অব্যাহত থাকবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান , চাঁদপুর পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যডভোকেট সলিম উল্যাহ সেলিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী। বক্তব্য শেষে মন্ত্রী বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সারা দেশে একযোগে নতুন কুঁড়ি স্পোটর্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই অনুষ্ঠানে চাঁদপুর জেলা সংযোগ হতে পারেনি।



