
গাজী মো:ইমাম হাসান : চাঁদপুর-৩ আসনের দু’বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নির্বাহী সদস্য, তরপুরচন্ডী ইউনিয়ন এর কৃতি সন্তান মরহুম জিএম ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন, দোয়া, মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।
১ লা মে শুক্রবার সকাল ৯টা থেকে বাবুরহাটস্থ তাঁর নিজস্ব বাসভবন হক মহলে স্মৃতিচারণ, স্মরণসভা ও মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে বক্তারা মরহুম জি এম ফজলুল হকের রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার অবকাঠামো ও শিক্ষা বিস্তারে যে অসামান্য অবদান রেখেছেন। তা চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন সফল ব্যবসায়ী এবং সিআইপি হিসেবেও তিনি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

স্মরণসভা ও মোনাজাত অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাবুরহাট বড় মসজিদ খতিব মুফতি মাওলানা ফারুক আহমেদ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্লা সেলিম, বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী,মরহুমের ভাগিনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড: জসিম উদ্দিন মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠন এবং শুভানুধ্যায়ী, সহকর্মী ও সর্বস্তরের ধর্মপ্রান মুসল্লীরা।
মোনাজাত শেষে উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
মরহুমের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার জিয়াউল হক জিকোসহ পরিবারের সদস্যরা এই দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য এবং বিপদের দিনে পাশে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য: সাবেক এই বর্ষীয়ান রাজনীতিবিদ গত ১৭ মার্চ ২০২৬ তারিখে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।



