সাইদ হোসেন অপু চৌধুরী : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মান যাচাই করে জাতীয়করণের সিদ্ধান্ত নেয়া হয়। চাইলেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার মতো এতো বড় একটা সিদ্ধান্ত নেয়া যাবেনা। সেখানে জাতীয়করণ হওয়ার পরে শিক্ষার মান কি কমেছে না বেড়েছে তা দেখতে হবে। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি করা। সারাদেশের এতো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করবার সক্ষমতা সরকারের থাকতে হবে।
তিনি গতকাল গতকাল ১৪ জুলাই রাতে তার বাস ভবনে চাঁদপুর জেলার ৭টি কলেজ জাতীয় করন করায় কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে সব কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন কলেজ জাতীয়করণ হওয়ায় আপনাদের চাকরির নিশ্চয়তা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু। আর তা বাস্তবায়ন করছেন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি সরকারের আমলে সারা দেশের বাজেট যা হত, আজ সরকার তার দেড় গুণ বাজেট দেয় শুধু শিক্ষা খাতে। বছরের শুরুতেই চিহ্নিত একটি মহল বইয়ে যা নেই ফটোশপ করে এডিট করে তা ভিন্ন দেশের বইয়ের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে যে, আমরা নাকি ইসলাম ধ্বংস করে দিচ্ছি। বইয়ে ইসলামবিরোধী কিছুই নেই।
মতবিনিমা অনুষ্ঠানে মতলব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও হাইমচর সরকারি মহা বিদ্যালয়ের ইংরেজি প্রভাষক মরিয়ম শাহারিয়া সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজিগঞ্জ মডেল সরকারি কলেজের প্রভাষক ফারুক আহমেদ, মতলব সরকারি কলেজের প্রভাষক মোশাররফ হোসেন, প্রভাষক দুলাল কীর্তনীয়া, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ নেপাল চন্দ্র সূত্রধর, ছেংগারচর সরকারি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী।
অনুষ্ঠানে ছেংগারচর সরকারি কলেজ, কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ, হাইমচর সরকারি মহা বিদ্যালয়, মতলব সরকারি কলেজ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, হাজিগঞ্জ মডেল কলেজ, করফুলেন্নেছসা সরকারি মহিলা কলেজের শিক্ষকমন্ডলী ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।



