
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দায়িত্ব পালনে সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ মামলার জরিমানা আদায়ে বিশেষ অবদান রাখায় অক্টোবর মাসের শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন চাঁদপুর ট্রাফিক পুলিশের তিন সদস্য। পুরস্কারপ্রাপ্তরা হলেনঃ- ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস, এটিএসআই মোজাম্মেল হোসেন ও সার্জেন্ট ইমরানুল কবির।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা, দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ টিআই (এডমিন) প্রবীর কুমার দাস ও এটিএসআই মোজাম্মেল হোসেনকে এ পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালিত মামলায় সর্বোচ্চ পরিমাণ জরিমানা আদায়ের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সার্জেন্ট ইমরানুল কবিরকে পুরস্কৃত করা হয়েছে।
চাঁদপুর শহরের যানজট নিরসন, সড়কে যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। বিশেষ করে ব্যস্ততম সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও যানজটপ্রবণ এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, নিয়মবহির্ভূত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং চালক ও পথচারীদের সচেতন করার ক্ষেত্রে ট্রাফিক পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবেই তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সহকারী পুলিশ সুপাররা, চাঁদপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার, ডিআইও-১, জেলা বিশেষ শাখার কর্মকর্তারা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন শাখা), কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, আরআই রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস বলেন, এই স্বীকৃতি আমার একার অর্জন নয়; এটি চাঁদপুর ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা দায়িত্ব ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আইন মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।
তিনি আরো বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, পাশাপাশি চালক, পথচারী ও সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি হলে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পাশাপাশি পরিবহন শ্রমিক, চালক, পথচারী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে চাঁদপুরের সড়ক ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, গতিশীল ও নিরাপদ করা সম্ভব হবে।



