পুরাণবাজার পানি শোধনাগার পরিদর্শনে চাঁদপুর পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী

চাঁদপুর খবর রিপোর্ট : ডেঙ্গু প্রতিরোধ এবং পৌরসভার সরবরাহ করা পানিতে নিয়মিত পটাশ (পটাশিয়াম পারম্যাঙ্গানেট) ব্যবহার করা হচ্ছে কি না, তা তদারকি করতে চাঁদপুর পৌরসভার ঘোড়ামারা পানি শোধনাগার পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপসচিব দেবাশীষ চৌধুরী।

সোমবার (২৩ নভেম্বর) তিনি শহরের পুরাণবাজার এলাকার ঘোড়ামারা পানি শোধনাগার সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পানি শোধন কার্যক্রম, পরিচ্ছন্নতা এবং মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী দৈনিক চাঁদপুর খবরকে জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পানি শোধনাগারে পানির গুণগত মান বজায় রাখতে নির্ধারিত উপকরণ যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এ পরিদর্শন করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা পরিচালনায় একাধিক পানি শোধনাগার ও উচ্চ জলাধার রয়েছে। এর মধ্যে পুরাণবাজারের ঘোড়ামারা পানি শোধনাগারটি গুরুত্বপূর্ণ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত এ ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগারটির ঘণ্টায় পানি শোধনক্ষমতা ৩ লাখ ৫০ হাজার লিটার। এটি পুরাণবাজার এলাকার নাগরিকদের সুপেয় পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখা, পানির গুণগত মান নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।

সম্পর্কিত খবর