হাজীগঞ্জে আগুনে প্রাণ গেল ২ বছরের শিশুর, তার দগ্ধ বোনকে কুমিল্লায় প্রেরণ

সাইফুল ইসলাম সিফাত : দুপুরের নিস্তব্ধতায় ঘুমিয়ে ছিল দুই ভাইবোন। চারপাশে ছিল স্বাভাবিক পরিবেশ। কিন্তু মুহূর্তেই সেই শান্ত দুপুর রূপ নেয় ভয়াবহ বিভীষিকায়।

বসতঘরে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। আগুনের ভয়াবহতা থেকে আর ফেরা হলো না দুই বছরের শিশু আনাছ হোসেনের। ঘুমন্ত অবস্থায়ই প্রাণ হারায় শিশুটি। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে তার বোন মরিয়ম আক্তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনাছ ও দগ্ধ মরিয়ম ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে নাজির আহম্মেদ ও তাঁর ভাই নেছার আহম্মেদের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

এ সময় দুই ভাইবোন ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা আগুনের কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই বছরের শিশু আনাছের মৃত্যু হয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় মরিয়মকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইবনে জায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। একদিকে ঘরবাড়ি হারানোর শোক, অন্যদিকে কোলের শিশুকে চিরতরে হারানোর বেদনা—সব মিলিয়ে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। এখন পরিবারের সবার প্রার্থনা, অন্তত দগ্ধ শিশু মরিয়ম যেন সুস্থ হয়ে ফিরে আসে।

সম্পর্কিত খবর