চাঁদপুরে বৃদ্ধাকে হত্যা ঘটনায় মামলা দায়ের : হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন!

আহম্মদ উল্যাহ : চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোরপুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের ভাড়া বাসায় লুৎফুন্নাহার (৬৫) নামে এক বৃদ্ধাকে হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে মামলা হয়েছে। নিহতের মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

গত ২১ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটে রুজু হওয়া এ মামলার নম্বর ৮৩। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা শহরের নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ভাড়া বাসায় প্রবেশ করে লুৎফুন্নাহারের হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে বলে বাদীর অভিযোগ।

এজাহারে বাদী উল্লেখ করেন, নিহত লুৎফুন্নাহার চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া এলাকার বাসিন্দা। তাঁর চার মেয়ে ও এক ছেলে। মেয়েরা বিবাহিত এবং ছেলে জাপান প্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় গত ৩০ অক্টোবর থেকে তাঁকে শহরের নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি বাসায় ভাড়া রাখা হয়। ঘটনার দিন ১৮ নভেম্বর সন্ধ্যায় মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় নাহিদার। পরে রাতে মায়ের ফোন বন্ধ পেয়ে তিনি ওই ভবনের দারোয়ান দেলোয়ার হোসেন গাজীকে ফোন করে মাকে ডেকে দেওয়ার অনুরোধ করেন। দারোয়ান সপ্তম তলার ওই বাসার সামনে গিয়ে দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে লাইট জ্বালালে শয়নকক্ষের খাটের ওপর বৃদ্ধার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর হাত-মুখ বাঁধা এবং পরনের ওড়না জানালার সঙ্গে পেঁচানো অবস্থায় ছিল।

দারোয়ানের চিৎকারে আশপাশের ভাড়াটিয়া ও বাড়ির মালিক ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে এসে লুৎফুন্নাহারের গলায় গুরুতর কাটা ও রক্তাক্ত জখম দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। মায়ের দাফন-কাফন সম্পন্ন এবং ছোট ভাই জাপান থেকে দেশে ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করেন বাদী। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধা লুৎফুন্নাহার হত্যাকাণ্ডে তাঁর এক নাতির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়টি সামনে রেখে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ জানান, বৃদ্ধা হত্যাকাণ্ডের ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর