
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর খবর রিপোর্ট চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় বৃদ্ধা লুৎফুন্নাহার (৬৫) হত্যা মামলার প্রধান আসামি তাঁর নাতি মো. সিয়াম প্রধানীয়া (১৬)কে গ্রেফতার করেছে পুলিশ। মামলা রুজুর ৪২ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে সে।
সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের ৭ম তলার একটি কক্ষে লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ওই বাসায় একাই বসবাস করতেন। চলতি মাসের ১ নভেম্বর তিনি বাসাটি ভাড়া নেন।
এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার (৩৬) বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ২১ নভেম্বর দায়ের করা মামলাটির এফআইআর নম্বর ৮৩। মামলার তদন্তভার পান থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন।
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের নাতি সিয়াম প্রধানীয়াকে শনাক্ত করে। ২২ নভেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে চাঁদপুর সদর মডেল থানাধীন জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সিয়াম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। সে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং নিহতের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে। পুলিশ জানায়, অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর সেই টাকা পরিশোধের জন্য সে একাই হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন কৌশলে নানির ভাড়া বাসায় প্রবেশ করে তাঁর হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে তাঁর গলার স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
পরে গ্রেফতার সিয়ামের দেখানো মতে ঘটনাস্থলের সপ্তম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এ ছাড়া তার নিজ বাড়ির শয়নকক্ষে স্টিলের আলমারির নিচ থেকে নিহতের একটি স্বর্ণের চেইন, একটি আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করে জব্দ করে পুলিশ।
পরবর্তীতে সিয়ামকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদসহ থানা পুলিশ ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


