
গোলাম সারওয়ার সেলিম : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মো. ইসমাইল হোসেন (৪২) ও মো. কাওছার পাটোয়ারী (৪১) নামে দুই ব্যক্তিকে ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে যাত্রাবাড়ী থানার জনপদ মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা অ্যালিয়ন প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার মো. ইসমাইল হোসেন মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের কাচিয়ারা (খিদিরপুর) গ্রামের মৃত ওয়ালী উল্লাহর ছেলে।
কাওছার পাটোয়ারী একই এলাকার আব্দুর রব পাটোয়ারীর ছেলে। স্থানীয় এলাকাবাসীর দাবি, তাঁরা দুজনই নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবলীগের নেতা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে যাত্রাবাড়ী থানার জনপদ মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় আসা একটি টয়োটা অ্যালিয়ন প্রাইভেটকারের গতিরোধ করা হয়।
পরে গাড়িটি তল্লাশি করে ড্যাশবোর্ডের ভেতর থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা ইসমাইল ও কাওছারকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আনোয়ার হোসেন আরও জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেপ্তার দুজন কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে প্রাইভেটকারে ঢাকায় নিয়ে আসতেন।
পরে রাজধানীর বিভিন্ন এলাকায় সেগুলো সরবরাহ করতেন। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) মামলাটি করা হয়। মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।



