এনজিও সংস্থা আশা ব্রাঞ্চের উদ্যোগে বাবুরহাটে ৩ দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প

স্টাফ রিপোটার : বাংলাদেশ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা (এনজিও) আশা কর্তৃক সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় এবং মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরের আশা বাবুরহাট ব্রাঞ্চের উদ্যোগে তিন দিনব্যাপী বিশেষ ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকালে জেলা পরিষদ সংলগ্ন বাবুরহাট ব্রাঞ্চ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. আ. জলিল এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আশা বাবুরহাট ব্রাঞ্চের ম্যানেজার মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার ফিজিওথেরাপিস্ট ডা. দেবাশীষ ঘোষ, চাঁদপুরের ফিজিওথেরাপিস্ট ডা. জান্নাতুল ফেরদৌস, বাবুরহাট ব্রাঞ্চের সহকারী ম্যানেজার মো. তাজুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত পুলিশ সার্জেন্ট মো. সাইদুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আশার কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, বর্তমান সময়ে বাতব্যথা, পক্ষাঘাতগ্রস্ততা এবং কোমর ও হাঁটুর ব্যথায় ভোগান্তিতে পড়া মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বয়স্ক ও নিম্নআয়ের মানুষের পক্ষে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত কঠিন। আশার এই মহতী উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষের শারীরিক যন্ত্রণা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

ক্যাম্পের কার্যপরিধি ও সেবাসমূহ : আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তিন দিনব্যাপী এই ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকদের একটি দল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করছেন।

প্রধান সেবাসমূহ:বাতব্যথা, পিঠ ও কোমর ব্যথা, ঘাড় ও কাঁধের ব্যথা, প্যারালাইসিস বা স্ট্রোক–পরবর্তী রিহ্যাবিলিটেশন, হাঁটু ও জয়েন্টের ব্যথার আধুনিক চিকিৎসা এবং ব্যায়ামের সঠিক নিয়ম প্রদর্শন।

বিনামূল্যে প্রদান ক্যাম্পে আসা রোগীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরামর্শ, রক্তচাপ (বিপি) ও সুগার পরীক্ষা এবং ফিজিওথেরাপি সংক্রান্ত গাইডলাইন দেওয়া হচ্ছে।

প্রথম দিনেই ক্যাম্পে উল্লেখযোগ্য সংখ্যক রোগীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘমেয়াদী ব্যথায় কষ্ট পাওয়া স্থানীয় রোগীরা বিনামূল্যে এমন বিশেষায়িত সেবা পেয়ে আশা বাবুরহাট ব্রাঞ্চের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পর্কিত খবর