সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন জেলা যুবদল সভাপতি নুরুল আমিন খান আকাশ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা যুবদলের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর দলীয় নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। এক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন বার্তায় তিনি বলেন, চাঁদপুর জেলা যুবদলের সভাপতির মতো গুরুদায়িত্ব তাঁর কাঁধে অর্পিত হওয়ার পর থেকে সবাই যেভাবে ভালোবাসা, সমর্থন ও শুভেচ্ছা জানিয়েছেন, তাতে তিনি গভীরভাবে অভিভূত। সবার প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিশেষ করে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবীণ ও পথপ্রদর্শক রাজনীতিবিদদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি দলের প্রতিটি ইউনিট ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সহযোদ্ধা, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, গঠনমূলক সমালোচক, ছোট ভাই ও কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবার আস্থার মর্যাদা রক্ষায় জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত সচেষ্ট থাকবেন, ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা বার্তায় তিনি বিশেষভাবে স্মরণ করেন মরহুম জাহাঙ্গীর হোসেন খানকে। তিনি বলেন, এই আনন্দঘন ও গৌরবের মুহূর্তে তাঁর সবচেয়ে বড় শূন্যতা অনুভব করছেন মরহুম জাহাঙ্গীর হোসেন খান ভাইয়ের জন্য। তিনি আজ তাঁদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ, দিকনির্দেশনা, দীর্ঘ পথচলার অসামান্য অবদান ও ভালোবাসা প্রতিমুহূর্তে হৃদয়ে অনুভব করছেন। মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নতুন দায়িত্ব গ্রহণের পর দেশ-বিদেশ ও দূর-দূরান্ত থেকে অসংখ্য ফোনকল, বার্তা ও শুভেচ্ছা পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যস্ততার কারণে সবার ফোন রিসিভ করা কিংবা তাৎক্ষণিকভাবে বার্তার জবাব দেওয়া সম্ভব হয়নি। অনেকের ফোন রিসিভ করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ অন্যান্য সংসদ সদস্যের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে চাঁদপুর জেলা যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
বার্তার শেষাংশে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বিনীত
অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ
সভাপতি, চাঁদপুর জেলা যুবদল।

সম্পর্কিত খবর