ফরিদগঞ্জে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক অনুপস্থিত !

মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে কড়ৈতলী বাজারে অব¯িহত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, সপ্তাহে দুই দিন চিকিৎসাসেবা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত দিনেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

সোমবার (১৬ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রটির মূল ফটকে তালা ঝুলছে। এ সময় কেন্দ্রে চিকিৎসকসহ দায়িত্বশীল কাউকেই পাওয়া যায়নি।

কেন্দ্রের অফিস সহায়ক মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নূর হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। তবে সেখানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নূর হোসেনের কোনো দায়িত্ব নির্ধারিত ছিল না। তাঁর কর্মস্থল ছিল পাইকপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। অথচ নির্ধারিত কর্মস্থলেও তাঁর উপস্থিতি পাওয়া যায়নি।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, অফিস সহায়ক মিজানুর রহমানের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, প্রতি সপ্তাহের সোমবার ও বুধবার এ কেন্দ্রে চিকিৎসাসেবা দেওয়া হয়। সে অনুযায়ী নির্ধারিত দিনে কেন্দ্রে এসে চিকিৎসক কিংবা অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তিকে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাঁদের।

সেবা নিতে আসা নুরুল ইসলামসহ কয়েকজন রোগী অভিযোগ করে বলেন, সপ্তাহে দুই দিন চিকিৎসক আসার কথা থাকলেও তাঁকে নিয়মিত পাওয়া যায় না। কেন্দ্রটি অধিকাংশ সময়ই বন্ধ থাকে। মাঝেমধ্যে অফিস সহায়ক এসে কেন্দ্র খুললেও এক থেকে দুই ঘণ্টা পর চলে যান। কিন্তু চিকিৎসকের দেখা মেলে না। ফলে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ না পেয়েই ফিরে যেতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সপ্তাহে মাত্র দুই দিন চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ থাকলেও সেই সেবাটুকুও নিশ্চিত হচ্ছে না। এতে এলাকার সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা প্রাথমিক চিকিৎসার জন্য এসে ভোগান্তিতে পড়ছেন। জরুরি প্রয়োজনে তাঁদের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করে অন্যত্র চিকিৎসা নিতে হচ্ছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নূর হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, “আমরা অভিযোগ সম্পর্কে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে স্বাস্থ্যকেন্দ্রটিতে নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সম্পর্কিত খবর