চাঁদপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল : হাজীগঞ্জকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে মতলব উত্তর

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।

সোমবার (১৬ নভেম্বর) চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে তারা হাজীগঞ্জ উপজেলাকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে।

খেলার প্রথমার্ধে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বলের দখল নিয়ে হেড করতে গিয়ে ঘাড়ে মারাত্মক আঘাত পান হাজীগঞ্জ দলের আক্রমণভাগের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় জিসান হোসেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয়। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে প্রাণচাঞ্চল্য বজায় রাখে এবং দর্শকদের মাতিয়ে রাখে।

প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে নির্ধারিত সময়ে উভয় দল সমানে সমান লড়াই করলেও কেউ গোলের দেখা পায়নি। মতলব উত্তর উপজেলার আক্রমণভাগ কয়েকটি সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। অন্যদিকে, হাজীগঞ্জের ফরোয়ার্ডরাও সুযোগ হাতছাড়া করায় গোলশূন্যভাবেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী ম্যাচের ফলাফল নির্ধারণে গড়ায় টাইব্রেকার। শ্যুটআউটে দুই দল পাঁচটি করে শট নেয়। এতে উভয় দলের খেলোয়াড়রাই কয়েকটি শট মিস করেন।

শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা। মতলব উত্তরের পক্ষে টাইব্রেকারে গোল করেন ওমর সানি, নূরে আলম ও রাসেল। অপরদিকে, হাজীগঞ্জের হয়ে গোল করেন নাজমুল ও ওমর ফারুক। ম্যাচটি উপভোগ করতে এদিন চাঁদপুর স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলা চলাকালে গ্যালারিতে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর পৌরসভার সিইও হিমাদ্রি খিসা, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন এবং মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল, বর্তমান কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাহ, জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও ফেরদৌস আলম বাবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার ও মিয়া মনজুর আমিন স্বপন, জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু, ছেঙ্গারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি, মতলব উত্তর দলের টিম ম্যানেজার আশেক মাহমুদ সংগ্রাম, হাজীগঞ্জ দলের টিম ম্যানেজার জাহাঙ্গীর, জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর গাজী ও জাহাঙ্গীর পাটোয়ারীসহ ক্রীড়াঙ্গনের অন্যান্য নেতৃবৃন্দ।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ নভেম্বর। আগামী বুধবার (১৮ নভেম্বর) ডিসি কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা। এ ছাড়া ১৯ নভেম্বর দ্বিতীয় ও শেষ সেমিফাইনালে চাঁদপুর সদর উপজেলার মোকাবিলা করবে আজকের জয়ী দল মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।

সম্পর্কিত খবর