চাঁদপুর ড্রামার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বিদ্যালংকার প্রেস’ নাটক মঞ্চায়িত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর ড্রামার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উপলক্ষে ‘বিদ্যালংকার প্রেস’ নাটক মঞ্চায়িত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আবদুস সাত্তারের রচনায় এবং পরিমল দাস নুপুরের নির্দেশনায় মঞ্চস্থ নাটকটি ছিল চাঁদপুর ড্রামার ৪২তম প্রযোজনার প্রথম প্রদর্শনী। প্রথম প্রদর্শনীতেই নাটকটি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়। নাটক মঞ্চায়নের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান রোটারিয়ান মো. মোস্তফা (ফুল মিয়া) পিএইচএফ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন পরিমল দাস নুপুর, মজিবুর রহমান দুলাল, মানিক পোদ্দার, রাজীব দাস, পলাশ মজুমদার, হৃদয় কর্মকার (অতিথি শিল্পী), আকবর হোসেন, ইমতিয়াজ উদ্দিন মাসুদ, জ্যোৎস্না বেগম, রাত্রি কর্মকার, নিবেদিতা দাস নিশা, অয়ন শিকদার, সরস্বতী রানী মনিঋষি ও জাহিদুল ইসলাম জিদান।

নাটকটির মঞ্চ পরিকল্পনায় ছিলেন পরিমল দাস নুপুর ও মানিক পোদ্দার। আলোক পরিকল্পনা ও নিয়ন্ত্রণে ছিলেন হাবিবুর রহমান হাবিব (অতিথি) ও মান্নান চিশতী। আবহসংগীত নিয়ন্ত্রণ করেন প্রদীপ দাস, রূপসজ্জায় ছিলেন গোবিন্দ মণ্ডল (অতিথি) এবং প্রযোজনা অধিকর্তার দায়িত্ব পালন করেন মো. মুরাদ হোসেন খান। চাঁদপুর ড্রামার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ নাট্য প্রদর্শনীতে দর্শকদের উপস্থিতি ও আগ্রহ সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করে।

সম্পর্কিত খবর