
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সুইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারী ব্যক্তি এবং তাঁদের যৌনসঙ্গীদের জন্য সমন্বিত এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পর্যায়ে এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) আয়োজিত এ সভায় সহযোগিতা করে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়। সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।
এ সময় তিনি বলেন, এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামাজিক ও জনস্বাস্থ্য বিষয়। সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে যারা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন, তাঁদের কাজের গুরুত্ব অনেক বেশি। কেউ খারাপ হয়ে জন্মগ্রহণ করে না। অনেক সময় অসৎ সঙ্গ ও নেতিবাচক পরিবেশের প্রভাবে মানুষ ধীরে ধীরে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। তাই মাদকের ভয়াবহতা সম্পর্কে ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের সচেতন করতে হবে।
বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। তিনি আরও বলেন, সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সঠিক স্বাস্থ্যবার্তা পৌঁছে দিতে হলে নির্ভরযোগ্য তথ্য ও বাস্তবভিত্তিক কার্যক্রমের বিকল্প নেই। আপনারা যদি বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্তের মাধ্যমে নিজেদের কার্যক্রম তুলে ধরতে পারেন, তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে, সমাজের জন্য আপনারা কতটা গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এইচআইভি সংক্রমণ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম এবং চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল জুবায়ের ও জান্নাতুল মাওয়া, চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল শিকদার, পিএসটিসির ম্যানেজার মোস্তাক আহমেদ, ফিল্ড সুপারভাইজার ও স্যাকমো অলক কুমার রায়, প্রোগ্রাম টেকনিক্যাল অফিসার নকিব ভূঁইয়া, নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পি এম বিল্লাল এবং বাঁধন হিজড়া সংঘের সাব-ডিআইসি ইনচার্জ আব্দুল মোতালেব ভূঁইয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।



