হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তাঁর বাবা আলমগীর কবির পাটোয়ারী কারাগারে

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে প্রতারণার মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তাঁর বাবা সাবেক মোতাওয়াল্লী ড. আলমগীর কবির পাটোয়ারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সি/ডব্লিউ (কাস্টডি ওয়ারেন্ট) মূলে সিআর ৬৩৫/২০২৬ নম্বর মামলায় তাঁদের কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী মো. কবির হোসেন লিটন। মামলার অভিযোগে বলা হয়, হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে একটি দোকান কেনার জন্য ৪২ লাখ টাকা নেওয়া হলেও বাদীকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি। এমনকি তাঁর দেওয়া টাকাও ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় বাদী আদালতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসান হাবিব এবং বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা।

এদিকে, আদালতের আদেশ ঘোষণার পর আদালতকক্ষে বাদী খুশিতে হাততালি দেন বলে জানা গেছে। এ ঘটনাকে আদালত অবমাননা হিসেবে গণ্য করে বিচারক বাদীকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

সম্পর্কিত খবর