মানবতার সেবায় বাবুরহাট ফাউন্ডেশনের যাত্রা শুরু

বিশেষ প্রতিনিধি: ‘মানবতার সেবায়, মানুষের কল্যাণে’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর শহরতলীর বাবুরহাটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাবুরহাট ফাউন্ডেশন চাঁদপুর। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বাবুরহাট রাফি প্লাজার তৃতীয় তলায় ফাউন্ডেশনের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের উদ্বোধন করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাবুরহাট ফাউন্ডেশন যে মহৎ লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এ উদ্যোগ যেন দীর্ঘদিন অব্যাহত থাকে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, সরকারি সাহায্য-সহযোগিতা পেতে হলে ফাউন্ডেশনকে যথাযথভাবে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের বিষয়ে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি ফাউন্ডেশনের উদ্যোগে নিয়মিত রক্তদান কর্মসূচি, চক্ষুশিবির ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। সমাজের বিত্তবান ব্যক্তিদের মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সোহেল রুশদী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাবুরহাট ফাউন্ডেশনকেও শিক্ষা বিস্তার এবং অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার পাশাপাশি বাবুরহাট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, বাবুরহাটের অনেক মানুষ বিদেশে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। তাঁদের এই ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত করে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তিনি ভালো কাজের প্রতি অত্যন্ত আন্তরিক। তাই মানবকল্যাণে কাজ করতে গেলে তাঁর কাছ থেকেও সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া চাঁদপুরের জেলা প্রশাসক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারাও আন্তরিকভাবে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

নবগঠিত এই সংগঠন যেন শুরুতেই নানা প্রতিবন্ধকতায় থেমে না যায়, সে জন্য সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে সোহেল রুশদী বলেন, তিনি ফাউন্ডেশনের ভালো কাজের সঙ্গে থাকবেন এবং নিজের অভিজ্ঞতা দিয়ে সংগঠনটিকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট ফাউন্ডেশন চাঁদপুরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মজুমদার লিটন, বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার খান, ফাউন্ডেশনের উপদেষ্টা ও ব্যবসায়ী মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) মো. জাহাঙ্গীর আলম, বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পালোয়ান, ফাউন্ডেশনের সহসভাপতি ও ব্যবসায়ী সুমন দে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক পালোয়ান, কোষাধ্যক্ষ প্রভাষক রাসেল মিয়া, পৌর কমিউনিটি পুলিশের কার্যনির্বাহী কমিটির সদস্য চন্দন দে, বাবুরহাট বাজারের ব্যবসায়ী বকুল খান, নুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানবিক সহায়তা, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা, রক্তদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পর্কিত খবর