জাল টাকা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : জাল টাকা সংক্রান্ত মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী-স্ত্রীকে সীতাকুণ্ডের মিরসরাই এলাকা থেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন : চাঁদপুরের ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের পশ্চিম মদনা এলাকার মোহাম্মদ ইউসুফ গাজী ওরফে সিরাজ এবং তার স্ত্রী মোসাম্মৎ সুকুরি বেগম। পুলিশ সূত্রে জানা যায়, জাল টাকা সংক্রান্ত যাত্রাবাড়ী থানার একটি মামলায় আদালত তাদের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। এর ভিত্তিতে চাঁদপুর মডেল থানার এসআই আলীমের নেতৃত্বে পুলিশের একটি দল সীতাকুণ্ডের মিরসরাই এলাকায় অভিযান চালায়। অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, চাঁদপুরের বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বাইরে অবস্থান করা আসামিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। জাল টাকা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এই স্বামী-স্ত্রীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আন্তঃজেলা অভিযানেও চাঁদপুর মডেল থানা পুলিশের তৎপরতা অব্যাহত থাকার বিষয়টি আবারও সামনে এলো।

সম্পর্কিত খবর