
চাঁদপুর খবর রিপোর্ট : ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁদপুর জেলার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকাল ১০ টায় চাঁদপুর সদর উপজেলা মডেল মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রিয় নবী (সা.) একজন মহামানব। নবীজীর জীবনাদর্শ আমাদের চলার পথের অনুপ্রেরণা। তিনি সকল ভাষা বুঝতেন এবং সবার বিষয়টি প্রাধান্য দিতেন। আমরাও নবীজির মতো একে অন্যের বিষয়টি গুরুত্ব দেবো।
তিনি ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সমাজে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক গুণাবলি বিকাশে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। ইফার উপ-পরিচালক মো. সেলিম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন ঢাকা শান্তিবাগ শাহী জামে মসজিদের ইমাম মাওলানা আবুল খায়ের নোমানী, শহরের শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন, ইফার মউশিক শিক্ষক সমিতির সভাপতি মাও. মো. আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক মুফতি আবু বকর বিন ফারুক, সাংগঠনিক সম্পাদক আবু হুরায়রা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মো. বিল্লাল হোসেন। চাঁদপুর সদর উপজেলা ইফার ফিল্ড সুপারভাইজার মাওলানা মো. জুলফিকার হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিরাবাদ চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইফরান আহমদ। নাতে রাসুল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম পরিবেশন করেন দাসাদী বাইতুল আকসা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক চাঁদপুরী। ভৌগোলিক ম্যাপ ও গাইড অন্বেষণ করা দোয়া ও মোনাজাত করেন চাঁদপুর সদর উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাহাদী হাসান।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সমন্বয় সভা এবং হজ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক অংশ নেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মাহফিলে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান রাসুলের শানে হামদ পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে তোলেন।




