
স্টাফ রিপোর্টার : জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কোনো ধরনের টালবাহানা না করে সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। জনগণের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানান জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা সমাবেশে মিলিত হন। সেখান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। শহর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের পরিচালনায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অধ্যাপক শাহ আলম, জেলা শুরা সদস্য মাওলানা ইউনুস হেলাল, আবুল হাসানাত ও মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।
বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জনগণের কণ্ঠ রোধ করতে এবং দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে তারা নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘৃণ্য পথ বেছে নিয়েছে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই—বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও ফ্যাসিবাদের কালো ছায়া মেনে নেবে না।
তিনি আরও বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, গুম, খুন ও নির্যাতনের স্টিমরোলার চালিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, আজ তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার গ্লানি সহ্য করতে না পেরে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যানবাহনে অগ্নিসংযোগ, সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার মাধ্যমে তারা মূলত দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়।
কিন্তু এ দেশের সচেতন ছাত্র-জনতা তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, অবিলম্বে নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কোনো দুষ্কৃতকারী যেন আইন ও বিচারের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।



