চাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, চাঁদপুরের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জেলায় গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের সঙ্গে অনেক মানুষ জড়িত। খামারিদের আধুনিক প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে।

এ সময় তিনি উৎপাদিত পণ্য রপ্তানির উপযোগী করে গড়ে তুলতে খামারি ও উদ্যোক্তাদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা। স্বাগত বক্তব্য দেন জেলা কৃত্রিম প্রজনন কর্মকর্তা রুহুল আমিন।

প্রাণিসম্পদ খাতের অগ্রগতি নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করেন জেলা ট্রেনিং অফিসার বিপ্লব কুমার দে। অনুষ্ঠানে সফল খামারি শাহিনুর বেগম ও সফল উদ্যোক্তা হাবিবুর রহমান তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণিসম্পদ মেলা পরিদর্শন করেন।

মেলায় স্থানীয় খামারি, উদ্যোক্তা ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তাঁদের উৎপাদিত পণ্য ও সেবা নিয়ে বিভিন্ন স্টল প্রদর্শন করেন।

সম্পর্কিত খবর