ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৭টার দিকে ফরিদগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতাল, ফরিদগঞ্জ (প্রা.)-এ এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা-পুলিশ। অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে জানা যায়, উপজেলার পশ্চিম কাউনিয়া গ্রামের সৌদি প্রবাসী মাহবুব আলমের স্ত্রী সুমাইয়া আক্তার প্রসবব্যথা নিয়ে দুপুর ২টা ৩০ মিনিটে হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. হাসিনা তৈয়বের তত্ত্বাবধানে নবজাতকের মা সুমাইয়া আক্তারকে স্বাভাবিক প্রসবের জন্য হাসপাতালের ২০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। এর আগে ডা. হাসিনা তৈয়বের দেওয়া চিকিৎসাপত্রে শিশুর প্রসবের সম্ভাব্য তারিখ শুক্রবার (১৯ নভেম্বর) নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার রাত ২টার দিকে সুমাইয়া আক্তারের প্রসবব্যথা শুরু হলে তাঁকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

সেখানে সনাতন পদ্ধতিতে প্রসবের চেষ্টা ব্যর্থ হলে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দিয়ে হাসপাতালে নেওয়ার কথা বলা হয়। শুক্রবার (২০ নভেম্বর) শিশুটির পরিবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের জন্য সুমাইয়া আক্তারকে ফরিদগঞ্জের সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসে।

দায়িত্বরত চিকিৎসক ডা. হাসিনা তৈয়বের তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এ হাসপাতালেও স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। নবজাতকের দাদি ও দাদা অভিযোগ করে বলেন, একাধিকবার চিকিৎসককে সিজারিয়ান অপারেশন করার জন্য অনুরোধ করা হলেও তিনি তাতে কর্ণপাত করেননি। নবজাতকের মায়ের চিৎকার ও যন্ত্রণা দেখে আত্মীয়স্বজন চিকিৎসককে ডেকে আনার চেষ্টা করেন। সন্ধ্যা ৭টার দিকে সুমাইয়া আক্তারের প্রসবব্যথা তীব্র হলে পরিবারের সদস্যরা পুনরায় চিকিৎসকের কাছে যান। তখন অন্য কাজে ব্যস্ততার কথা জানিয়ে তিনি আসেননি।

এরই মধ্যে স্বাভাবিক প্রসবের মাধ্যমে শিশুটি ভূমিষ্ঠ হলেও জন্মের পরপরই তার মৃত্যু হয়। শিশুটির বাবা সৌদি প্রবাসী মাহবুব আলম বলেন, ‘সেন্ট্রাল হাসপাতাল, ফরিদগঞ্জ (প্রা.)-এর চিকিৎসক ডা. হাসিনা তৈয়ব ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং সীমাহীন অনিয়মের কারণে আমি বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হয়েছি।

ওই চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সকল অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ এ সময় একই দাবি জানান শিশুটির স্বজন ও স্থানীয় বাসিন্দারা। শিশুটির দাদা আব্দুর রব বলেন, ‘আমার নাতি জীবিত অবস্থায় পৃথিবীতে এলেও চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই।’

নবজাতকের নিকটাত্মীয়রা প্রায় একযোগে বলেন, ‘এই চিকিৎসকের হাতে এবং চিকিৎসার অবহেলায় আর কোনো মা ও শিশুর মৃত্যু যেন না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই চিকিৎসককে যেন এ হাসপাতালে আর দেখা না যায়।’ এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য চাঁদপুরের সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। এদিকে থানা-পুলিশ, স্বজন, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়, ‘ওই সময় অভিযুক্ত চিকিৎসক অন্য একটি সিজারিয়ান অপারেশনে ব্যস্ত ছিলেন।’ অভিযুক্ত চিকিৎসক ডা. হাসিনা তৈয়বের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও তাঁর সাক্ষাৎ পাওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, ঘটনার অভিযোগ ওঠার পর তিনি আড়ালে চলে গেছেন।

এ প্রতিবেদন তৈরির আগে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত হাসপাতালেও তাঁর উপস্থিতি দেখা যায়নি। এদিকে হাসপাতালের মালিকপক্ষের প্রতিনিধি মো. হারুনুর রশিদ বলেন, ‘আমরা সঠিকভাবে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করেছি। চিকিৎসকের যদি কোনো অবহেলা থাকে, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করে চিকিৎসকের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’ তিনি আরও বলেন, ‘ডাক্তার যদি চিকিৎসা দিতে না পারেন, তাহলে তিনি রেফার করে দিলেন না কেন?’ গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সদুত্তর পাওয়া যায়নি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট সবার কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, ‘একজন নবজাতকের মৃত্যু ভুক্তভোগী পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তবে এ বিষয়ে সরেজমিনে না জেনে আমি কিছু বলতে পারছি না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খোঁজ নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পর্কিত খবর