
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া : পরিবারের সচ্ছলতা ফেরানো এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমিয়েছিলেন কচুয়ার প্রবাসী মহিন খান। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই পরিবার ও স্বজনদের কাছে ফিরলেন কফিনবন্দি হয়ে।
দুবাইয়ে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ১৫ দিন পর আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ দেশে আনা হয়েছে। গত ২০ নভেম্বর রাতে দুবাই এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর মরদেহ পৌঁছায়।
আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগীরি গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে আসা হয়। মহিন খান ওই গ্রামের আবু তাহেরের ছেলে।
তিনি স্ত্রী ও ৯ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মরদেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা। পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। শনিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শেষ বিদায়ে স্বজন, প্রতিবেশী ও এলাকার শত শত মানুষ অংশ নেন। নিহতের স্বজনেরা জানান, দুবাইপ্রবাসী মহিন খান গত ৬ জুন দুবাইয়ের আরবিয়ান এমারেটস টু এলাকায় নিজ বাসা থেকে তাঁর কোম্পানির বস ও বসের স্ত্রীসহ নিখোঁজ হন।
এ ঘটনায় ১৩ জুলাই দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসে নিখোঁজের আবেদন জানানো হয়। পরে ১৪ সেপ্টেম্বর দুবাই সিআইডি পুলিশ মহিন খান, তাঁর বস ও বসের স্ত্রীর মরদেহ আবুধাবির মরুভূমিতে বালুচাপা অবস্থায় উদ্ধার করে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজন চীনা নাগরিককে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। পরবর্তীতে ৬ নভেম্বর নিহতের পরিবারকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ১৫ দিন পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মহিন খানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের স্বজনেরা বাংলাদেশ সরকারের কাছে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। একই সঙ্গে দুবাইয়ের আরবিয়ান এমারেটস টু এলাকায় মহিন খানের ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল উদ্ধারে দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেন তাঁরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী স্বর্ণা আক্তার এখন এক কন্যাসন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। ২০০৭ সালে উন্নত জীবনের আশায় দুবাই পাড়ি জমিয়েছিলেন মহিন খান। তাঁর উপার্জনের অর্থে পরিবারের সদস্যদের স্বপ্ন পূরণের কথা ছিল।
কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুতে সেই স্বপ্ন থেমে গেছে। পরিবারজুড়ে এখন শুধুই শোক আর অনিশ্চয়তা। এদিকে মহিন খানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতা করায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক ব্যবস্থাপনা বিভাগের সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য, কচুয়ার কৃতী সন্তান ডা. মো. আমিনুল ইসলামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতের স্বজনেরা। এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি বিদেশে সংঘটিত হওয়ায় এ বিষয়ে আমাদের কাছে সরাসরি কোনো তথ্য নেই।’



