চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। অভিযান পরিচালনা করেন চাঁদপুর মডেল থানার এসআই ফেরদৌস, এসআই গাজী কালাম ।

ভোররাতে শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়ান মিনিটের মোড়সংলগ্ন সাধনা ঔষধালয়ের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি করা হয়।

পরে তাঁর সঙ্গে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক যুবকের নাম হাশিম খান (৩৫)। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাধীন উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খানবাড়ির বাসিন্দা। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন ওই যুবক। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর