হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে ৩৮তম এইউএপি সম্মেলন

চাঁদপুর খবর ডেক্স : হাঙ্গেরির ‘হাঙ্গারিকুম লিগেট’ হোটেলে শুরু হয়েছে এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক অঞ্চলের বিশ্ববিদ্যালগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এইউএপি)-এর ৩৮তম বার্ষিক সম্মেলন।

৯ ও ১০ নভেম্বর আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে যৌথ আয়োজক হিসেবে অংশগ্রহণ করেছে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সম্মেলনে বিশ্বের ১৬টি দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

‘রিইমাজিনিং হায়ার এডুকেশন ইন দ্য এজ অব এআই: ইনোভেশন, ইনক্‌লুশন অ্যান্ড ইমপ্যাক্ট ফর আ সাসটেইনেবল ফিউচার’ শীর্ষক মূল প্রতিপাদ্যে আয়োজিত এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিশ্বব্যাপী উচ্চশিক্ষার ভবিষাৎ, উদ্ভাবন, নতুন প্রযুক্তির অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা নিয়ে বিস্তারিতও বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো সবুর খান।

তিনি সম্মেলনের অন্যতম প্রধান বক্তা হিসেবে বিল্ডিং হিউম্যান-সেন্টারড, এন্ট্রাপ্রেনিউরিয়াল অ্যান্ড সাসটেইনেবল ইউনিভার্সিটিজ ইন দ্য এজ অব এআই’ শীর্ষক কি-নোট (মূল) প্রবন্ধ উপস্থাপন করেন।

নিজের বক্তব্যে ড. সবুর খান কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির পাশাপাশি মানবিক মূল্যবোধ ধরে রাখা, উচ্চশিক্ষায় উদ্যোক্তা মানসিকতার বিকাশ এবং একটি টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন। তিনি প্রচলিত শিক্ষা কাঠামোর সীমাবদ্ধতা কাটিয়ে সবার জন্য উন্মুক্ত ও উদ্ভাবননির্ভর শিক্ষার পরিবেশ তৈরির আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে বাস্তবভিত্তিক সমস্যা সমাধানকারী, সফল উদ্যোক্তা এবং দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ এ সম্মেলনের সহ-আয়োজক হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সক্রিয় অংশগ্রহণ বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদারকরণ এবং উচ্চশিক্ষায় উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই ররূপান্তর নিশ্চিতকরণে প্রতিষ্ঠানটির দৃঢ় অঙ্গীকারকেই পুনরাবৃত্তি করে।

সম্পর্কিত খবর