
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী গ্রামে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের গোপনে ভিডিও ধারণ করে টিকটক তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা। আটক দুই কিশোর হলো মো. রবিউল গাজী, পিতা—খায়ের গাজী এবং মো. অজিত গাজী, পিতা—লালচান গাজী। তাদের বাড়ি হাপানীয়া, ডাকঘর—আশিকাটি, থানা ও জেলা—চাঁদপুর।
গত ১১ নভেম্বর (বুধবার) দুপুরে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা তাদের আটক করে। তাৎক্ষণিকভাবে বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে জানানো হলে তিনি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ আহমেদকে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন। পরে ওসির নির্দেশে এএসআই অজিতসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরকে আটক করে। পরে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত হবে না মর্মে লিখিত অঙ্গীকারনামা দেওয়ায় তাদের পিতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি জানাজানি হলে অভিভাবক ও শিক্ষার্থীরা বিষয়টি স্বাগত জানান। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। একই সঙ্গে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদের প্রতিও ধন্যবাদ জানান।



