ফরিদগঞ্জে আগুনে ভ্যারাইটিজ স্টোর পুড়ে ছাই

এস. এম. ইকবাল, ফরিদগঞ্জ : চাঁদপুরের ফরিদগঞ্জে গভীর রাতে অগ্নিকাণ্ডে শরিফ হোসেন নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ভ্যারাইটিজ স্টোর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানের সব মালামাল ভস্মীভূত হওয়ায় সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ওই ব্যবসায়ী।

বুধবার (১১ নভেম্বর) ভোররাতে পৌরসভার পশ্চিম বড়ালি এলাকার বাসু মিজির পোলসংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানমালিক শরিফ হোসেন বাসু মিজি বাড়ির দুদু মিয়ার ছেলে।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত ৫-৬ বছর ধরে তিলে তিলে দোকানটি গড়ে তুলেছিলাম। রাতে কাজ শেষে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করেই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু চোখের পলকেই আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। এতে আমার প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারও সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা কিছুতেই বুঝতে পারছি না।’ স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে হঠাৎ দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন।

তাঁরা নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল ইসলামের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল ইসলাম জানান, ভোররাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আনুমানিক ৮০ হাজার থেকে ১ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়; দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে। যদিও এ দাবির পক্ষে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর