
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে টেককেয়ার ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের স্টেডিয়াম রোডে মুন হাসপাতালের বিপরীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. সাইফুল ইসলাম সোহেল বলেন, শারীরিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে পক্ষাঘাতগ্রস্ত রোগী, হাড় ও জয়েন্টের সমস্যা, কোমর ও ঘাড়ের ব্যথা এবং দুর্ঘটনাজনিত আঘাতের ক্ষেত্রে সঠিক ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাঁদপুরে এ ধরনের একটি সেবামূলক প্রতিষ্ঠান চালু হওয়ায় স্থানীয় রোগীরা উপকৃত হবেন। তবে চিকিৎসার ক্ষেত্রে রোগীর সমস্যা অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ এবং প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের মাধ্যমে সেবা নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন। চাঁদপুর মেডিনোভা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহজামান গাজী সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডা. হানিফুর রহমান, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. তৌহিদুর রহমান, চাঁদপুর ডায়াবেটিস হাসপাতালের সাদ্দাম হোসেন, চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালের পরিচালক আব্দুর রাব্বি, চাঁদপুর টেককেয়ার ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক ও ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ হৃদয়, চাঁদপুর অনন্যা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও সাংবাদিক কামরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে চাঁদপুর টেককেয়ার ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক ও ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ হৃদয় বলেন, সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে মানুষের সেবা প্রদানের লক্ষ্য নিয়েই টেককেয়ার ফিজিওথেরাপি সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। তাঁরা চান, চাঁদপুরের মানুষ যেন নিজ শহরেই প্রয়োজনীয় ফিজিওথেরাপি চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।
রোগীদের প্রয়োজন ও শারীরিক অবস্থা বিবেচনায় সেবার মান বজায় রাখাই তাঁদের প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, এ প্রতিষ্ঠানে প্যারালাইসিস, হাত-পা বেঁকে যাওয়া, হাঁটু, কোমর ও ঘাড়ের ব্যথা, হাড়ের জোড়ায় ব্যথা ও ফোলা, মুখ বেঁকে যাওয়া, বাতজনিত ব্যথা, জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা, হাড় ক্ষয়জনিত ব্যথা, শিশুদের হাত-পা বেঁকে যাওয়া এবং খেলাধুলা ও বিভিন্ন আঘাতজনিত সমস্যায় ফিজিওথেরাপি সেবা প্রদান করা হবে। রোগীদের প্রয়োজন অনুযায়ী যত্নসহকারে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তাঁদের স্বাভাবিক চলাফেরা ও কর্মক্ষমতা ফিরিয়ে আনতে কাজ করবে প্রতিষ্ঠানটি।
তিনি প্রতিষ্ঠানটির পথচলায় সবার দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম মাঝি।



