মতলবে ১০৬ বছরের পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টা : উচ্চ আদালতের রায়ে স্বস্তি

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরপাথালিয়া গ্রামে ১০৬ বছর ধরে ভোগদখলে থাকা কবুলিয়তনামাভুক্ত পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে নাজিম উদ্দিন গংয়ের বিরুদ্ধে। গত বুধবার উচ্চ আদালতের রায়ের পর নিজেদের জমিতে ভুট্টার বীজ বপন করতে গেলে নাজিম উদ্দিনের ভাড়াটিয়া লোকজন নিয়ে বাধা ও জবরদখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন জমির দাবিদাররা।

চরপাথালিয়া মৌজার বিএস ৭৮, ১৯৮, ২০৫ ও ২৩৭ নম্বর খতিয়ানের ৪৪৬ নম্বর দাগে ৩.২৮ একর, ৪৪৮ নম্বর দাগে ৩.২০ একর এবং ৪৪৭ নম্বর দাগে ০.২৮ একরসহ মোট ১.০৪ একর ভূমি নিয়ে মোহন, আবুল খায়ের, তাফাজ্জল, শহীদ, সুরুজ ও আক্কাছ গংদের পক্ষে বিজ্ঞ আদালত রায় প্রদান করেন বলে সংশ্লিষ্ট পক্ষ দাবি করেছে।

নিজেদের জমিতে ভুট্টার বীজ বপন করতে গেলে নাজিম উদ্দিন গং ও তাঁদের লোকজন বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে। জানা যায়, ১৯০৯ সালে চরপাথালিয়া মৌজায় বর্তমান বাদীপক্ষের পূর্বপুরুষ চেরাগ আলী মিজি গং ১৬ নম্বর খতিয়ানের ২৯ নম্বর দাগে ৫৪ একর সম্পত্তি নিজেদের নামে সিএস রেকর্ডভুক্ত করেন।

পরবর্তী সময়ে ১৯১৯ সালে চাঁদপুরের দ্বিতীয় মুন্সেফি আদালতে বর্তমান বিবাদীপক্ষের পূর্বপুরুষ আবজন বেপারি ও কালু প্রধানীয়া গং বাদী হয়ে ৭২ নম্বর স্বত্বের মোকদ্দমা দায়ের করেন। তাঁদের দাবি ছিল, ওই সম্পত্তি তাঁদের কবুলিয়ত ও বন্দোবস্তভুক্ত সম্পত্তি। পরবর্তীতে আদালত বাবু বসন্ত কুমার মুক্তারকে (সিভিল কোর্ট কমিশনার) তদন্ত করে কমিশন ম্যাপ ও কমিশন রিপোর্ট আদালতে দাখিলের নির্দেশ দেন।

উক্ত ম্যাপ ও রিপোর্ট দাখিলের পর আদালত উভয় পক্ষের শুনানি শেষে সম্পত্তিটি ১৫০ নম্বর উত্তর উদ্দমদি মৌজার সম্পত্তি হিসেবে ডিক্রি প্রদান করেন। ওই রায়ে সন্তুষ্ট না হয়ে চেরাগ আলী মিজি গং কলকাতা হাইকোর্টে আপিল দায়ের করেন।

কলকাতা হাইকোর্ট উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে নিম্ন আদালতের রায় বহাল রেখে আপিল খারিজ করেন। একই সঙ্গে ১৬ নম্বর খতিয়ানের ২৯ নম্বর দাগের ৫৪ একরসহ সংশ্লিষ্ট ভূমি ১৫০ নম্বর উত্তর উদ্দমদি মৌজার সম্পত্তি হিসেবে ডিক্রি প্রদান করেন। সংশ্লিষ্ট পক্ষের দাবি, ওই রায়ের পর থেকে বর্তমান বিবাদীপক্ষের মোহন ও আবুল খায়ের প্রধান গং ১৯২০ সাল থেকে অদ্যাবধি অর্থাৎ প্রায় ১০৬ বছর ধরে সম্পত্তিটি ভোগদখল করে আসছেন।

তাঁদের নামে বিএস রেকর্ডও যথাযথভাবে প্রকাশিত হয়েছে। তবে চরপাথালিয়া গ্রামের কয়েকজনের প্ররোচনায় নাজিম উদ্দিন মিজি বাদী হয়ে চরপাথালিয়া মৌজার সিএস ২৯ নম্বর দাগের ৫৪ একর সম্পত্তির ১৬ নম্বর খতিয়ান উল্লেখ করে মোহন মিয়া ও আবুল খায়ের প্রধান গংদের বিবাদী করে বিএস রেকর্ড সংশোধনের মামলা করেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, ১৯১৯ সালেই বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছিল। অভিযোগ অনুযায়ী, ওই মামলায় বাদীপক্ষ আদালতকে ভুল তথ্য দিয়ে এবং বিবাদীপক্ষকে মৌখিক বা নোটিশের মাধ্যমে অবহিত না করে একতরফা ডিক্রি আদায় ও বিএস রেকর্ড সংশোধন করিয়ে নেয়।

পরবর্তীতে বিষয়টি জানতে পেরে বিবাদীপক্ষ জেলা জজ আদালতে একতরফা রায়ের বিরুদ্ধে আপিল করে। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত নিম্ন আদালতের একতরফা রায় ও ডিক্রি বাতিল করেন এবং মূল মামলা পরিচালনার নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট পক্ষ জানিয়েছে। পরবর্তীতে বিবাদীপক্ষের অগোচরে ২০২৪ সালে বাদী নাজিম উদ্দিন ওই জমিতে ভুট্টার চাষ করেন। গত মে মাসে ভুট্টা পাকার পর বিবাদীপক্ষ ফসল তুলতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় বাদীপক্ষ মতলব দক্ষিণ থানায় এজাহার দায়ের করে। পরে থানা কর্তৃপক্ষ এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহজাহান সাগরের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে সালিশকারীরা বর্তমান বিবাদীপক্ষের মোহন ও আবুল খায়ের প্রধান গংকে ওই সম্পত্তিতে দখলে থাকার নির্দেশ দেন বলে জানা গেছে। একই সঙ্গে বাদী নাজিম উদ্দিন জমিতে ভুট্টা চাষ করায় উৎপাদিত ফসল তাঁকে দেওয়ার অনুরোধ জানানো হয়।

বর্তমানে ভুট্টার বীজ বপনের মৌসুমে জমির আগাছা পরিষ্কার করে বীজ বপন করতে গেলে নাজিম উদ্দিন পুনরায় থানায় এজাহার দায়ের করেন। পরে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাগজপত্র যাচাই করেন বলে জানা গেছে। সংশ্লিষ্টদের দাবি, আদালতের রায় ও কাগজপত্রের ভিত্তিতে মোহাম্মদ আলী, রুহুল আমিন, সেরাজুল ও সেকান্দরের ওয়ারিশরা ওই জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন এবং সেখানে ভুট্টা চাষ করেছেন।

সম্পর্কিত খবর