চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ইয়াবা ও গাঁজাসহ দু’ব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম সংলগ্ন সিড়ির কক্ষ থেকে ইয়াবা ও গাঁজাসহ দু ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন : চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদি এলাকার মৃত বাচ্চু কবিরাজের ছেলে মো. আরিফ হোসেন (৪৬) এবং ১২ নম্বর ওয়ার্ডের ট্রাক রোড এলাকার আমিনুল আহসানের ছেলে মো. আফজালুর রহমান (৩৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা, ২ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবালের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আসামিদের প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. সোহেল রানা। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর