
চাঁদপুর খবর রিপোর্ট :বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) আয়োজিত আনন্দ ভ্রমণ-২০২৬-পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা ‘দক্ষ সংগঠক’ সম্মাননা পেয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের চাঁদপুর প্রতিনিধি এম এ লতিফ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিপিজেএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে কক্সবাজারের ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এম এ লতিফের পক্ষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সম্মাননা পদক গ্রহণ করেন। একই অনুষ্ঠানে সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে মোট সাতজন গুণী সাংবাদিককে বিভিন্ন বিভাগে সম্মাননা প্রদান করে বিপিজেএফ।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে এম এ লতিফ বলেন, “বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কর্তৃক আয়োজিত আনন্দ ভ্রমণ-২০২৬-পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজনে বর্ষসেরা ‘দক্ষ সংগঠক’ হিসেবে সম্মাননা পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এ স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার।”
তিনি বলেন, “একজন সংগঠক হিসেবে সবসময় সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার চেষ্টা অব্যাহত থাকবে। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, “এ সম্মাননা আমার একার নয়; এর সঙ্গে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিপিজেএফের সংশ্লিষ্ট সবার ভালোবাসা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা জড়িয়ে আছে। যারা পাশে ছিলেন, সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি, প্রযোজক, পরিচালক ও অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও চিত্রনায়িকা রাকা আলম।
প্রধান বক্তা ছিলেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল)। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক ও আনন্দ ভ্রমণ উদযাপন কমিটির আহ্বায়ক মো. হাফিজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ ভ্রমণ উদযাপন কমিটির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম।
এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং বিপিজেএফের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‘দক্ষ সংগঠক’ হিসেবে এ স্বীকৃতি এম এ লতিফের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করার ক্ষেত্রে তাকে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।




