মতলব উত্তরে মাদ্রাসা-মসজিদ নির্মাণকাজ পরিদর্শনে অ্যাড: সলিম উল্ল্যা সেলিম

স্টাফ রিপোটার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন জ্বিন নুরাইন ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তিনি সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে নির্মাণকাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা পরিষদ প্রশাসক।

এ সময় অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম বলেন, জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। নির্মাণকাজে গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেদিকে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, এ আসনের এমপি মহোদয় এলাকার উন্নয়ন কাজের বিষয়ে জেলা পরিষদ কে পরামর্শসহ সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। মাদ্রাসা ও মসজিদসহ স্থানীয় ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রমে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই নির্মাণকাজে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান জেলা পরিষদ প্রশাসক।

পরিদর্শনকালে মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হোসাইন আহাম্মদ খান, উপসহকারী প্রকৌশলী রতন চন্দ্র সরকার, ঠিকাদার সেলিম সরকার এবং মাদ্রাসার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ প্রশাসকের পরিদর্শনের সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার নির্মাণকাজের অগ্রগতি ও বিভিন্ন দিক সম্পর্কে তাকে অবহিত করেন।

সম্পর্কিত খবর