
চাঁদপুর খবর রিপোর্ট : দক্ষ ও উৎপাদনশীল জনশক্তি গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণকে (টিভিইটি) বিকল্প ব্যবস্থা হিসেবে না দেখে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার আহ্বান জানিয়েছেন নীতি-নির্ধারক ও শিক্ষাবিদরা।
রোববার (২৩ আগস্ট ২০২৬) ঢাকায় আয়োজিত এক জাতীয় সংলাপে বক্তারা বলেন, প্রথাগত সনদের চেয়ে কাজের দক্ষতার ওপর জোর দিয়ে শিল্পখাতের চাহিদানুযায়ী তরুণদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে ‘দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটস ফোরাম’-এর আয়োজনে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করে ড্যাফোডিল পলিটেকনিক ও সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট।
সংবাদ পরিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন. ম. এহসানুল হক মিলন, এমপি। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) সাইয়েদ বিন আব্দুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
সংলাপে দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে পরিণত করতে ৪টি প্রধান বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়: সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন: প্রথাগত সাধারণ ডিগ্রির পেছনে না ছুটে কারিগরি পেশাকে সম্মানজনক কারিয়ার হিসেবে গ্রহণের মানসিকতা গড়ে তুলতে হবে।
শিল্প ও শিক্ষার সংযোগ: শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী পাঠক্রম সাজাতে হবে। ইন্টার্নশিপ, শিক্ষানবিশি ও সরাসরি কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা প্রয়োজন।
সনদের বদলে দক্ষতা শুধু ডিপ্লোমা প্রদান না করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার মতো ব্যাবহারিক দক্ষতা ও ভাষাগত যোগ্যতা বাড়াতে হবে। উদীয়মান প্রযুক্তি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির যুগে কারিগরি শিক্ষার শিক্ষক ও পাঠক্রম প্রতিনিয়ত আধুনিকায়ন করতে হবে।
সংলাপে অন্যান্যের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব মো. দাউদ মিয়া, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, অ্যাসেট (ASSET) প্রকল্পের পরিচালক মীর জাহিদ হাসান এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত ছিলেন। ৬ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিএন ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মোহাম্মদ তরিকুল ইসলাম চৌধুরী এবং সঞ্চালনা করেন ড্যাফোডিল পলিটেকনিকের অধ্যক্ষ কে এম হাসান রিপন।




