
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে আব্দুর রব মিজি নামে এক রোগী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর তার স্ত্রী স্বামীকে অপহরণ ও গুমের অভিযোগ এনে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। জানা গেছে, সম্পত্তিগত বিরোধের জেরে গত ১৯ আগস্ট মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন আব্দুর রব মিজি। পরে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের অভিযোগ, ঘটনার দিন সকালে হাসপাতালের দ্বিতীয় তলার বেড থেকে ওষুধ আনার জন্য নিচে যান আব্দুর রব। দীর্ঘ সময় পার হলেও তিনি আর বেডে ফিরে আসেননি। এরপর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আব্দুর রবের পরিবারের দাবি, হাসপাতালের পাশে থাকা রোগী ও স্বজনদের কাছ থেকে তারা জানতে পারেন, অজ্ঞাত দুই ব্যক্তি তাকে হাসপাতাল এলাকা থেকে নিয়ে গেছে।
পুরো ঘটনাটি হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধারণ হয়ে থাকতে পারে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হাওয়া বেগম, নিখোঁজের পুত্রবধূ বলেন, আব্দুর রব ওষুধ আনতে নিচে যাওয়ার পর আর ফিরে আসেননি। পরে পাশের বেডের রোগী ও স্বজনদের কাছ থেকে জানতে পারেন, অজ্ঞাত দুই ব্যক্তি তাকে হাসপাতাল থেকে নিয়ে গেছে।
এদিকে, স্বামী নিখোঁজের ঘটনায় আব্দুর রব মিজির স্ত্রী সামছুন্নাহার বেগম চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি দ্রুত তার স্বামীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন মাধ্যমে নিখোঁজ আব্দুর রব মিজির সন্ধান ও উদ্ধারের চেষ্টা চলছে। তবে আব্দুর রব মিজি নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ এবং তাকে কেউ অপহরণ করেছে কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।




