
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডের একটি গোডাউন থেকে প্রায় ১ কোটি ২৩ লাখ ৪৮ হাজার ৯৮৪ টাকা মূল্যের সিগারেট এবং ১১ লাখ ২০ হাজার ৫৫৮ টাকা নগদ অর্থ চুরির ঘটনায় জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার জাহিদুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের দেওয়ান বাড়ির মো. জাকির দেওয়ানের ছেলে।
তিনি মেসার্স আ. লতিফ চৌধুরী অ্যান্ড সন্স নামের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির পরিবেশক প্রতিষ্ঠানের গোডাউন কিপার হিসেবে কর্মরত ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুর সদর থানাধীন বিষ্ণুদী রোডে অবস্থিত ওই প্রতিষ্ঠানের গোডাউনে বিপুল পরিমাণ সিগারেট ও নগদ অর্থ মজুদ ছিল।
গত ৪ আগস্ট সকালে জাহিদুল ইসলাম অফিসে উপস্থিত হলেও দুপুরের দিকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে গোডাউনের মালামাল ও নগদ অর্থের হিসাব-নিকাশ করা হলে বিপুল পরিমাণ সিগারেট ও টাকা নিখোঁজ থাকার বিষয়টি ধরা পড়ে। হিসাব অনুযায়ী, গোডাউন থেকে ১ কোটি ২৩ লাখ ৪৮ হাজার ৯৮৪ টাকা মূল্যের সিগারেট এবং ১১ লাখ ২০ হাজার ৫৫৮ টাকা নগদ অর্থ খোয়া যায়।
এ ঘটনায় জাহিদুল ইসলামকে প্রধান আসামি করে তার বাবা জাহাঙ্গীর দেওয়ানসহ অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই নাদির শাহ জানান, জিজ্ঞাসাবাদে এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আসামি প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে মামলার বাদীপক্ষের অভিযোগ, তদন্ত কর্মকর্তা আসামিকে সহায়তা করছেন।
অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে এসআই নাদির শাহ বলেন, তদন্ত আইন ও বিধি অনুযায়ীই পরিচালিত হচ্ছে। পুলিশ জানায়, মামলার প্রেক্ষিতে তদন্ত ও অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। চুরি যাওয়া সিগারেট ও নগদ অর্থের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।




