চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী /মহসিন হোসাইন: আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এক আনন্দঘন পরিবেশে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, নারীদের নিজেদের অধিকার আদায়ে নিজেদেরই সোচ্চার হতে হবে। বর্তমান সময়ে নারীদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।

তিনি ফরিদগঞ্জে নারীদের ইতিহাস বদলে দেয়ার দীর্ঘ ৫৬ বছরের মধ্যে প্রথমবার নারী ভোটারদের ভোটকেন্দ্রে এনে ভোটগ্রহণে অংশগ্রহণের ঘটনাটি তুলে ধরে নারীদের অংশগ্রহণ ও সচেতনতার বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ করেন। পাশাপাশি চাঁদপুরের নারী উন্নয়নে অবদান রাখা নারীদের ভূমিকাও তিনি তুলে ধরেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে নারীদের সম্মান ও মর্যাদার প্রসঙ্গ তুলে ধরে মা, বোন এবং বাল্যবিয়েসহ নানা সামাজিক সমস্যার কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির এই যুগেও অনেক নারী নির্যাতনের শিকার হচ্ছেন এবং ইভটিজিংয়ের মতো ঘটনার মুখোমুখি হচ্ছেন। তাই আগামী দিনের সমাজ গঠনে নারীদেরকেই মূল কেন্দ্রবিন্দুতে থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিরা নূর এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, চাঁদপুর জেলা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুনিরা বেগম, তানিয়া ইসলাম এবং চাঁদপুর জেলা সচেতনতা নাগরিক কমিটির (সনাক) সভাপতি আলাউদ্দিন পাটোয়ারী।

বক্তারা নারী দিবস উপলক্ষে নারীদের অধিকার, সচেতনতা ও সামাজিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। তারা বলেন, নারীদের নিজেদের অধিকার রক্ষায় সচেতন হতে হবে এবং অল্প বয়সে আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে বিরত থাকার বিষয়েও সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস.এম. তানভীর রশিদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সোহেল। শেষে চাঁদপুর জেলার নারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর