ড. নেয়ামুল বশিরের হাতে ছাতা প্রতীক তুলে দিলেন মিয়া গোলাম পরওয়ার

সাইফুল ইসলাম সিফাত : চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে শনিবার ১১ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার চাঁদপুর–৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের জোট প্রার্থী ড. নেয়ামুল বশিরের হাতে ‘ছাতা’ প্রতীক তুলে দেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, তাঁদের জোট ক্ষমতায় গেলে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কচুয়ার উন্নয়নে জোট প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর কচুয়া বিনির্মাণে ভোটারদের সমর্থন প্রয়োজন।

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের পতন হয়েছে, তবে ষড়যন্ত্র থেমে নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

জনসভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবাহ। যৌথভাবে সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সিরাজুল ইসলাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মো. শাহাদাত হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আরও বক্তব্য দেন চাঁদপুর–১ (কচুয়া) আসনের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী, চাঁদপুর–৩ আসনের প্রার্থী মো. শাহজাহান মিয়া, চাঁদপুর–৪ আসনের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর–৫ আসনের প্রার্থী ড. নেয়ামুল বশির, জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক মাহবুব আলম, জেলা জামায়াতের যুগ্ম সম্পাদক হারুন রশিদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলামসহ উপজেলা ও জেলার নেতারা।

সম্পর্কিত খবর