নেশাগ্রস্ত অবস্থায় ছুরি নিয়ে প্রতিবেশীকে হুমকি, হাজীগঞ্জে যুবকের ১ বছরের কারাদণ্ড

সাইফুল ইসলাম সিপাত : চাঁদপুরের হাজীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে প্রতিবেশীকে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে আবু সালেহ রিমন (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার ৮ নম্বর পূর্ব হাটিলা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানকালে নেশাগ্রস্ত অবস্থায় প্রতিবেশী এক ব্যক্তিকে ধারালো ছুরি দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের সময় আবু সালেহ রিমনকে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. সাকির হোসেনের ছেলে।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং অভিযুক্তের বাবার বক্তব্যে জানা যায়, দুবাই ও কাতারে প্রবাসজীবন শেষে দেশে ফেরার পর গত প্রায় এক বছর ধরে রিমন মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকাসক্ত অবস্থায় তিনি প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। এ কারণে অতিষ্ঠ হয়ে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যেতে বাধ্য হন।

স্থানীয়দের অভিযোগ, রিমন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছিলেন। তাঁর বাবা জানান, ছেলেকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি রাতের আঁধারে বাড়িতে মাদকের আসর বসাতেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি সৃষ্টি করতেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, স্থানীয় জিজ্ঞাসাবাদ, সাক্ষ্য গ্রহণ, অভিযুক্তের স্বীকারোক্তি ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার বিধান লঙ্ঘন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে হাজীগঞ্জে এ ধরনের মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর