
স্টাফ রিপোর্টার : পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ ও ৩০ নভেম্বর চাঁদপুরে অনুষ্ঠিতব্য সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবদল।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
কেন্দ্র ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সমন্বিতভাবে মাঠে থাকতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজুর সভাপতিত্বে এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজলের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
সভায় বক্তারা আগামী ২৯ ও ৩০ নভেম্বরের কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সদর উপজেলা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং পৌরসভার ১৫টি ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



