চাঁদপুরের প্রবীণ সাংবাদিক মোহাম্মদ হোসেন খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের প্রবীণ সাংবাদিক, শিক্ষাবিদ ও সমাজসেবক মরহুম মোহাম্মদ হোসেন খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিলো গতকাল । এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে ।

মরহুম মোহাম্মদ হোসেন খান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সেকদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন উচ্চশিক্ষিত, আদর্শবান শিক্ষক ও সাংবাদিক। তাঁর শিক্ষাজীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ। তিনি ১৯৬১ সালে ইস্ট পাকিস্তান শিক্ষা বোর্ডের অধীনে ম্যাট্রিকুলেশন, ১৯৬৩ সালে ঢাকা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক, ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান), ১৯৬৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি ১৯৬৮ সালে ন্যাশনাল ফাউন্ডারি লিমিটেডে এবং ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানিতে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৭২ থেকে ১৯৮০ সাল পর্যন্ত চাঁদপুর কলেজে (বেসরকারি) এবং ১৯৮১ থেকে ২০০২ সাল পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজে শিক্ষকতা করেন।

তিনি চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৭৪ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চাঁদপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে চাঁদপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং চাঁদপুরের শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।

সম্পর্কিত খবর