
চাঁদপুর খবর রিপোর্ট : দীর্ঘদিন পরে এলাকাবাসী ও সাংবাদিকদের দাবীর পরিপ্রেক্ষিতে চাঁদপুর প্রেসক্লাব সড়কের সংস্কার কাজ চলছে, তবে নেই কোন তদারকী। রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ইটের কনা ব্যবহার হচ্ছে রাস্তা নির্মাণের কাজে। মানছে না কর্তৃপক্ষের নিষেধও।
এমনই অভিযোগ স্থানীয়দের,অভিযোগের তীর ঠিকাদারের বিরুদ্ধে । সম্প্রতি চাঁদপুর প্রেসক্লাবে চাঁদপুর পৌর সভার বাজেট অধিবেশনে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে সড়কটির সংস্কার কাজ শুরু করেন পৌর কর্তৃপক্ষ ।
জানা যায়, দীর্ঘদিন চাঁদপুর ওয়ান মিনিটি থেকে প্রেসক্লাব পর্যন্ত রাস্তায় দুর্ভোগের শেষ ছিলো না। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি-কাদা মাড়িয়ে চলতে হতো। বর্তমানে কাজের শুরুতেই নিম্নমানের ইটের কনা ব্যবহারের শুরু করে।
এবিষয়ে চাঁদপুর পৌরসভার বর্তমান প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ গোলাম জাকারিয়াকে অবহিত করা হয়েছে।
এদিকে নিম্নমানের সামগ্রি দিয়ে রাস্তা নির্মাণের বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিনকে অবহিত করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তবে তিনি বিষয়টি গুরুত্বসহ দেখবেন বলে আশ^াস দিয়েছেন।



