
স্টাফ রিপোর্টারঃ রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধ ও দ্রব্যমূল্যর উদ্ধগতির কারণে সারা দেশের মত চাঁদপুরেও হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায় ধস নেমেছে। এরই মধ্যে ৪র্থ দফায় অবরোধ চেকেছে বিএনপি জামায়েত সহ বেশ কয়েকটি সমমনা দল। এ নিয়ে প্রায় দুই সপ্তাহ অবরোধের ফাঁদে রয়েছিল দেশ।
এতে খাবারের হোটেল, রেস্টুরেন্ট, চায়নিজ, পার্টি সেন্টার ও ফার্স্ট ফুডের ব্যবসায় ধস নেমে এসেছে । এসব হোটেল- রেস্টুরেন্টে বিক্রি গড়ে স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেকে নেমেছে বলে দাবি মালিকদের।
এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা বলছেন, করোনার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের ঊর্ধ্বগতিতে প্রভাবিত হন হোটেল এবং রেস্তোরাঁ ব্যবসা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সাথে সাথে তাদের বিক্রি কমেগেছে। এরপর রাজনৈতিক অস্থিতিশীলতা ব্যবসাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
হরতাল- অবরোধে মানুষের চলাচল থাকলেও চাঁদপুর শহরে মানুষের আনাগোনা কমে যাওয়াটাই তাদের চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, অবরোধের প্রভাব বেশি পড়েছে চায়নিজ রেস্টুরেন্ট আর ফাস্ট ফুডের দোকানগুলোতে। স্থানীয়দের পাশাপাশি এসব রেস্টুরেন্টের বড় ভোক্তা হলেন শহরে ঘুরতে আসা মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা ব্যক্তিরা।
কিন্তু সবার মধ্যে নিরাপত্তাহীনতা থাকায় আর লোকজন আগের মতো খেতে আসছে না। চাঁদপুর শহরে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের সংখ্যা কয়েকদিন উল্লেযোগ্যভাবে কমে যাওয়ার কথা জানিয়েছেন হোটেল রেষ্টুরেন্টের মালিকরা। বাংলাদেশ হোটেল এন্ড রেস্তোরাঁ মালিক সমিতির তথ্যমতে চাঁদপুর সদরে রয়েছে ১৬০ টি হোটেল এর মধ্যে সমিতির অন্তর্ভুক্ত রয়েছে ৮০ টি, আর এর মধ্যে খাওয়ার হোটেল রয়েছে ১২০ টি, চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে ২৫ টি, মিষ্টির দোকান রয়েছে ৩০ টি এছাড়াও কচুয়া ও হাজিগঞ্জে রয়েছে উক্ত সমিতির অন্তর্ভুক্ত ৬০ টি ব্যবসা প্রতিষ্ঠান।
শহরের ছায়া বানী এলাকার শাহী হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিক মহিম খান বলেন, , আতঙ্কে মানুষ এ এলাকায় আসছে না। আগে দিনে লাখ টাকার বেশি বিক্রি হতো। এখন ৫০-৬০ হাজার হচ্ছে না। দুপুরে খাবার বিক্রি কিছুটা হলেও সকাল-সন্ধ্যার নাস্তায় কোনো ক্রেতা থাকে না।তিনি বলেন, এ পরিস্থিতিতে আমরা মার্কেটে মাহাজনদের বকেয়া বিল দিতে পারছি না। লাভতো দুরের কথা স্টাফদের দৈনিক বেতন দিতে সমস্যা হচ্ছে।
নতুন বাজার এলাকার কিছুক্ষণ হোটেলের ম্যানেজার রহিম মিজি বলেন, টিকে থাকা দায় হয়ে গেছে। আগের থেকে অর্ধেক রান্না-বান্না করেও বিক্রি হচ্ছে না। দিন শেষে প্রচুর খাবার অবিক্রিত থেকে যাচ্ছে। সেজন্য লোকসান হচ্ছে।
চাঁদপুর রেডচিলি রেস্টুরেন্টের মালিক রফিকুল হাসান ফয়সল বলেন, একেতো জিনিস পত্রের দাম বৃদ্ধি তার সাথে অবরোধ,, এ যেন মরার উপর খাঁড়ার ঘাঁ, আমাদের এমনিতেই রেস্টুরেন্ট ব্যবসা এখন আর আগের মত চলেনা, এর উপর আবার অবরোধ লাভ তো দূরের কথা, যা বেচা বিক্রি হয় কর্মচারীদের বেতন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল ঠিকই দিতে হচ্ছে। জিনিসের মূল্যও বেড়েছে। অথচ বিক্রি অর্ধেকে নেমেছে । কর্মচারীদের বাঁচানোর জন্যও রেস্টুরেন্ট খোলা রাখতে হচ্ছে। কিন্তু এ অবস্থা কয়দিন চলবে?
চাঁদপুর রসুইঘর রেস্টুরেন্টে ও পার্টি সেন্টারের মালিক জাহিদুল হক মিলন বলেন, আমাদের পার্টি সেন্টারে আগে বিয়ে, গায়েহলুদ, জন্মদিন বিবাহবার্ষিকীর অনুষ্ঠান অহরহ হতো, অবরোধের কারনে এখন আর কোন অনুষ্ঠান হয় না। মানুষ আতংকে সব বন্ধ করে দিয়েছে, আমরা আমাদের ব্যবসা চালুরাখার জন্য কর্মচারীদের বসিয়ে বসিয়ে বেতন দিচ্ছি কারন কর্মচারী চলেগেলে আমরা আমাদের ব্যবসা চালাতে পারবো না।
বাংলাদেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ক্যাফে ঝিল হোটেলের মালিক মাসুদ হোসেন বলেন, অবরোধে সবার ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিক্রি কমে গেছে অন্তত ৫০ শতাংশ।তিনি বলেন, এর আগে করোনায় আমাদের ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে । এরপর দ্রব্যমূল্যের ক্রমাগত উদ্ধগতি এ শিল্পের ওপর পড়েছে প্রতিঘাত । এখন অবরোধে ব্যবসা গুটিয়ে ফেলার উপক্রম হয়েছে। এ সময় তিনি সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন,সরকার যেন বাজারে দ্রব্যমুল্যর দাম কমিয়ে সহনীয় পর্যায়ে রাখে তাহলে আমরাও ব্যবসা করতে পারবো, সাধারণ মানুষও ভালো থাকবে।



